লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নে পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বড় ভাই নিহত হয়েছে। গতকাল বিকালে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ভাইয়ের একটি পোষা পাখি ছিল। গতকাল সকালে একটি বিড়াল পাখিটিকে মেরে ফেললে সে সারাদিন কান্নাকাটি করছিল। এ সময় বড় ভাই তাকে কান্না থামাতে বললে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বিকালে ঘর থেকে একটি ছুরি এনে বড় ভাইয়ের বুকে আঘাত করে।
পরিবারের সদস্যরা আহত কিশোরকে রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।