সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে কুমিল্লার বুড়িচং উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ৯টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নাদিম হোসেন (২৮) কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা মো. সামাদ।
নাদিমের পরিবার জানিয়েছে, প্রায় ১০ মাস আগে ধারদেনা করে নাদিমকে সৌদি আরবে পাঠানো হয়েছিল। তিনি আল-কাসিমের বুকারিয়া এলাকার একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং কারখানায় কাজ করতেন।
নিহতের বাবা বলেন, কারখানার একটি মেশিন পরিষ্কার করার জন্য নাদিম ভেতরে প্রবেশ করেছিলেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী মেশিনটি চালু করে দিলে তিনি মেশিনের ভেতরে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর সৌদি আরবের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় কারখানার তিন কর্মীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সামাদ মিয়া অভিযোগ করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার সন্দেহ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং দ্রুত ছেলের মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের সহযোগিতা চান।
তিনি আরো বলেন, নাদিম পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। তার মৃত্যুতে পরিবার গভীর শোকে ভেঙে পড়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। প্রবাসে মারা যাওয়া বাংলাদেশীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার সুযোগ রয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।