বন্যাদুর্গতদের
সহায়তায় দেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মুগ্ধতা প্রকাশ করেছেন
অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
তিনি বলেন, ৭৫ বছরের জীবনে সবার মাঝে এমন উদ্যম আর দেখিনি। এটি একটি পরিবর্তিত বাংলাদেশ,
আগের বাংলাদেশ নয়।
রোববার (১
সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান বন্যা পরিস্থিতির
মূল্যায়ন ও ত্রাণ তৎপরতা সমন্বয় সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক-ই-আজম বলেন, পরশুরামে পাঁচ কিলোমিটার সড়ক তৈরি করতে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অভিভূত করেছে। তারা কোনো সরকারি বরাদ্দ বা কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেনি। দেশের তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে এ পরিবর্তন এনেছেন। আমরা এটিকে হারাতে চাই না।
তিনি বলেন, বর্তমানে সবাই স্ব-স্ব ক্ষেত্রে স্বাধীন। এখন আর কোনো ভাই কিংবা দলের প্রভাব নেই। যেখানে তার সড়ক বা বাড়ির কাজ আগে করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজন বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। মন্ত্রী আসার জন্য অপেক্ষা করার দিন শেষ। মেধা ও যোগ্যতার ভিত্তিতে কাজ করতে হবে।
মতবিনিময় সভায়
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, কুমিল্লা
সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ইউনিসেফের চট্টগ্রাম
ফিল্ড অফিসের প্রধান মাধুরী ব্যানার্জি। সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক
মুছাম্মৎ শাহীনা আক্তার।
এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।