গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে মরিচের ক্ষেতে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাংলা বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে কাজের খোঁজে ফজলপুর এলাকায় আসেন ওই ব্যক্তি। সে সময় নিজের নাম সাদা মিয়া ও বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট এলাকায় বলে পরিচয় দেন। শনিবার সকালে খাটিয়ামারী গ্রামের পাষাণ আলীর বাড়িতে সকালের নাস্তা সেরে মরিচের জমিতে একাই কাজ করতে যান তিনি। কিছুসময় পর জমির মালিক সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। সে সময় আশেপাশে কেউ না থাকায় মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
সংবাদ পেয়ে ফুলছড়ি থানার এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এসআই।