ময়মনসিংহের দুই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, ব্যাহত শিক্ষা কার্যক্রম

ময়মনসিংহের গফরগাঁওয়ের খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাঠগুলোতে বছরের প্রায় ছয় মাস জমে থাকে পানি। এতে শিক্ষার্থীদের খেলাধুলা, শারীরিক অনুশীলন ও নিয়মিত সমাবেশ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, বিদ্যালয়ের আশপাশের জমি ও শহীদ আব্দুল জব্বার সড়ক তুলনামূলক উঁচু হওয়ায় বৃষ্টির পানি মাঠেই আটকে থাকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ সমস্যা আরো দীর্ঘস্থায়ী হয়েছে।

অভিভাবকরা জানিয়েছেন, অন্য স্কুলের শিক্ষার্থীরা যেখানে খেলাধুলা করতে পারে, সেখানে তাদের সন্তানরা শ্রেণীকক্ষেই বন্দি হয়ে আছে।

শিক্ষার্থীদের মাঠে পানি ওঠায় হাঁসেরা সাঁতরে বেড়াচ্ছে

দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিনা ইয়াসমীন জানায়, ছয় মাসই তাদের মাঠে পানি থাকে। এতে স্বাভাবিক হাঁটাচলাও কঠিন হয়ে পড়ে।

অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অর্পিতা সরকার জানায়, মশার কামড়ে ক্লাসে থাকা কঠিন। এমনকি ক্লাসরুম পর্যন্তও কখনো কখনো পানি চলে আসে।

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ জানান, তার স্কুলে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। মাঠের এ অবস্থার কারণে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বিঘ্নিত হচ্ছে। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শারীরিক শিক্ষা ক্লাসসহ যাবতীয় জাতীয় দিবসের অনুষ্ঠানও বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, জলাবদ্ধ পানি মশা প্রজননের উৎস হওয়ায় শিক্ষার্থীরা ডেঙ্গুসহ পানিবাহিত রোগের ঝুঁকিতে আছে। বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরে বেশ কয়েকবার আবেদন করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। একটি প্রকল্পের মাধ্যমে মাঠের পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।

আরও