কুমিল্লার দেবীদ্বারে কৃষিকাজ করার সময় বজ্রাঘাতে আলেয়া বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এতে একই পরিবারের আরো তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার রাজামেহার ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম ওই গ্রামের হাসেম মেম্বার বাড়ির মো. নজরুল ইসলামের স্ত্রী। এ সময় নজরুল ইসলাম এবং তার যমজ দুই ছেলে নাজিম ও আল-আমিন বজ্রাঘাতে আহত হন।
স্থানীয়রা জানান, নজরুল ইসলাম তার পরিবারের লোকদের নিয়ে ফসলি জমিতে ধান কেটে মাড়াই করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার স্ত্রী আলেয়া বেগম মারা যান। এ সময় নজরুল ইসলাম এবং তার যমজ দুই ছেলে নাজিম ও আল আমিন বজ্রাঘাতের আঘাতে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মো. ইলিয়াছ বজ্রাঘাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।