বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে চাঁদপুর-ঢাকা নৌপথের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বিকালে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাবু লাল বৌদ্ধ বলেন, সকালে চাঁদপুর-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটের যাত্রীবাহী ছোট নৌযান চলাচল বন্ধ করা হয়। বিকালে বড় লঞ্চগুলোর চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ।
এদিকে গভীর নিম্নচাপের কারণে চাঁদপুরে নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। উপকূলীয় জেলা চাঁদপুরের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায় আনা হয়েছে।
ভোর ৫টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চাঁদপুর আবহাওয়া কর্মকর্তা শাহ মুহাম্মদ শোয়েব বলেন, চাঁদপুরের নদীবন্দর এলাকায় ৩ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলায় মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিকাল পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদী তীরবর্তী এলাকায় ২ থেকে ৩ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুষল বৃষ্টি অব্যাহত রয়েছে।