ভোট দিয়েই জিততে হবে, এবার দুই নম্বরি কোনো পদ্ধতি নেই —ইসি সানাউল্লাহ

এবার ভোট দিয়েই জিততে হবে, জেতার জন্য দুই নম্বরি কোনো পদ্ধতি নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

এবার ভোট দিয়েই জিততে হবে, জেতার জন্য দুই নম্বরি কোনো পদ্ধতি নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন উপলক্ষে গতকাল ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনে সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ পর্যন্ত এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি, যা পক্ষপাতমূলক। ভবিষ্যতেও এমন কিছু করা হবে না। নির্বাচনসংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং নিরপেক্ষতা হারান, তবে তার ব্যাপারে কমিশন কঠোর অবস্থান নেবে।’

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘ভয়ভীতি, ত্রাস কিংবা মব—কিছুই যেন দায়িত্ব পালনে বাধা হয়ে না দাঁড়ায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করার পাশাপাশি ভোট কেন্দ্রগুলো যেন ভোটারদের অনুকূলে থাকে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সানাউল্লাহ বলেন, ‘এটি শুধু গণতন্ত্রের প্রত্যাবর্তন বা গণতান্ত্রিক ধারা সুসংগঠিত করার নির্বাচন নয়। এ নির্বাচনের সঙ্গে জাতি হিসেবে আমাদের ভাবমূর্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান জড়িত। সামাজিক স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলার সঙ্গেও এ নির্বাচন সম্পৃক্ত। তাই এটি কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়; সবাইকে এর গুরুত্ব উপলব্ধি করতে হবে।’

এ সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন থানার ওসি ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও