কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন। গতকাল সকালে ভোটগ্রহণ শুরুর আগে উপজেলার কৃষ্ণপুর এলাকায় শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে এ ঘটনা ঘটে। একই দিন ওই ইউনিয়নের জঙ্গলপুর ভোটকেন্দ্রের পাশে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এর মধ্যে গলিয়ারা উত্তর ইউনিয়নের কৃষ্ণপুরে ভোটগ্রহণ শুরুর আগে সদস্যপ্রার্থী জিয়া উদ্দিন ও মামুনুর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়। এ ঘটনায় কৃষ্ণপুর গ্রামের মো. জসিম (৩০), আবুল বাশার (৩৮), আবদুল কুদ্দুস (৩০), রুবেল (২৮) ও রিপন (২০) আহত হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শুভপুর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিজয় কুমার দাস জানান, ভোটকেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।
অন্যদিকে ওই ইউনিয়নের জঙ্গলপুর ভোটকেন্দ্রের পাশে দুই সদস্য প্রার্থীর সমর্থকের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ভ্রাম্যমাণ দোকান ভাংচুর করে।
জঙ্গলপুর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুল খালেক বলেন, কেন্দ্রের ভেতরে কোনো গোলোযোগ হয়নি। তবে কেন্দ্রের অনেক দূরে কে বা কারা পটকা ফাটিয়েছে।
কেন্দ্রে দায়িত্বরত পুলিশের এসআই জাকির হোসেন জানান, প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রের বাইরে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।
বিকট আওয়াজ শুনে সেখানে গিয়ে পরিবেশ শান্ত করেছি।
সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, এ উপজেলার গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউপির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে গলিয়ারা উত্তর ইউনিয়নের দুটি কেন্দ্রে সদস্য পদে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।