মহাসড়ক পরিদর্শনে গিয়ে ২ ঘণ্টা ধরে যানজটে আটকা উপদেষ্টা

হাইওয়ে পুলিশের দাবি, এক পাশে মালামাল রেখে সড়ক সংস্কার ও খানাখন্দের কারণে এই যানজট দেখা দিয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় মহাসড়কের নাজুক অংশ পরিদর্শনে এসে প্রায় দুই ঘণ্টা আশুগঞ্জ যানজটে আটকা পড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে রেলপথে আসেন। পরে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে যাত্রা শুরু করলে আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর, সরাইলের বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়েন। দুপুর ১২টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট কবলে আটকে পড়েছিলেন।

উপদেষ্টা আগমনকে কেন্দ্র করে, সকাল থেকেই তড়িঘড়ি করে সড়কটি মেরামত কাজ করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এ ছাড়া মহাসড়কটি সচল রাখার স্বার্থে পুলিশ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তবে কোনোভাবেই যানজট নিয়ন্ত্রণের আনতে পারেনি সংশ্লিষ্টরা। হাইওয়ে পুলিশের দাবি, এক পাশে মালামাল রেখে সড়ক সংস্কার ও খানাখন্দের কারণে এই যানজট দেখা দিয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বণিক বার্তাকে, উপদেষ্টা আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। পথে আশুগঞ্জের মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটের আটকা পড়েছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এদিকে উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে তড়িঘড়ি করে সড়কে বালু ফেলে ইট বিছানো হয়েছে কয়েক স্তরের। উঁচু করা হয় মূল মহাসড়ক থেকে ১৫ ইঞ্চি। ভরাট করা হয় ছোট বড় গর্ত। তবে উপদেষ্টা আশার আগ মুহূর্তে সড়কে এমন অস্থায়ী কর্মযজ্ঞ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও