‘বিশ্বে যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না’-এ কথা প্রধানমন্ত্রীর মুখে মানায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে বড় বড় কথা বলছেন বিদেশে গিয়ে। মার্কিনদের ওখানে গিয়েছেন, গিয়ে বলছেন যে, যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না। কেউ চাই না যুদ্ধ পৃথিবীতে, কেউ চায় না নিষেধাজ্ঞা। কিন্তু তার(প্রধানমন্ত্রী) মুখে এটা মানায় না। তিনি নিজে এদেশে হত্যার সঙ্গে জড়িত। গুম হয়েছে ৬শ’ এর ওপরে মানুষ।
ক্ষমতাসীন দলের সমলোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আজকে শত শত মানুষ তারা থানায় নিয়ে গিয়ে পঙ্গু করে দিয়েছে, সহস্রাধিক মানুষকে তারা হত্যা করেছে, বিচারবহির্ভূত হত্যা করেছে। এই কারণে আজকে একটা অত্যন্ত এলিট ফোর্স র্যাব যারা দেশে সুনাম কুড়িয়েছিল, অপরাধ দমনের ক্ষেত্রে এই সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে তাদেরকে আজকে নিষেধাজ্ঞা পড়তে হয়েছে। সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা পড়েছে। এটা নিয়ে সরকারের কোনো মাথাব্যাথা নেই। তারা এটা কোনো কিছু করতে পারে না। তারাই নির্দেশদাতা। তাদের বিরুদ্ধে সবার আগে নিষেধাজ্ঞা প্রয়োজন। নিষেধাজ্ঞা এরই মধ্যে জনগণ দিয়ে দিয়েছে। মানুষ বলে দিয়েছে যে, তোমাদেরকে আর দরকার নেই, বহু হয়েছে।
শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এই আন্দোলন, এই সংগ্রাম, এই আত্মদান, এই রক্তপাত –এটা বিএনপির জন্য নয়, এটা পুরো জাতির জন্যে। আজকে সমস্ত জাতি একটা মহাসংকটে পড়েছে। আজকে ওরা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। এমনভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে যে, পত্র-পত্রিকাগুলো কেউ সাহস করে সত্য কথাটা বলতে পারে না। পত্র-পত্রিকায় আপনারা খেয়াল করে দেখবেন, বেশ কতগুলো পত্রিকা বলেছে যে, শহীদুল ইসলাম শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু আওয়ামীপন্থী মিডিয়া বলছে, সে নাকি পেছন থেকে ইট মারাতে সে মারা গিয়েছে।
তিনি আরো বলেন, শাওনের যে ডেথ সার্টিফিকেট তাতে পরিস্কার করে বলা হয়েছে, মেসিভ ব্রেইন ইজুরি ডিউ টু গান শট। ছবিটা আমি দেখাব না। এখানে শিশুরা আছে। আমার কাছে সেই ছবিও আছে। মাথার খুলি পর্যন্ত উড়ে গিয়েছে।