মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর
এক সর্মথককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, জিল্লুর রহমান নামের ওই ব্যক্তিকে
হত্যার জন্য দায়ী স্বতন্ত্র প্রার্থী হাজী মো. ফয়সাল বিপ্লবের সর্মথকরা।
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার
দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ড ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি
নিয়ন্ত্রণে ওই এলাকায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের স্ত্রী রেহেনা বেগম দাবি করেন,
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মিরকাদিম পৌরসভার আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র মো.
শহিদুল ইসলাম শাহীন এবং পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে নৌকা সর্মথক জিল্লুর রহমানকে
হত্যা করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের
আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।
এদিকে জেলা রিটার্নিং অফিসার মো. আবু
জাফর রিপন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তদন্ত করে সবাইকে আইনের
আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।