কুমিল্লায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

কুমিল্লার মেঘনা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সিয়াম মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের উত্তরপাড়া এলাকার মো. মোস্তাক মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন সিয়াম। লক্ষণখোলা এলাকা থেকে বাড়ি ফেরার পথে কাশিপুর এলাকায় একটি অটোরিকশাকে অতিক্রম করছিলেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা দুটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে সিয়াম গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে স্থানীয়রা তার পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন।

এরপর পরিবারের সদস্যরা সিয়ামকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে শয্যা খালি না থাকায় তাকে আবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান জানান, সিয়াম গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তার অবস্থা খারাপ থাকায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়।

আরও