তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালকরা

পিটিআই ফুয়েল স্টেশন কর্তৃপক্ষ জানায়, জ্বালানি তেল সংকটের কারণে সাময়িকভাবে স্টেশন বন্ধ রাখা হয়েছে। কবে সরবরাহ আসবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। এতে বাস, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের ভোগান্তি বেড়েছে।

সরেজমিনে আজ সকাল থেকে শহরের পিটিআই ফুয়েল স্টেশন, বিশ্বরোড মোড়ের মের্সাস হোসেন ফিলিং স্টেশন এবং সিসিটিভি মোড় এলাকার ইসলাম ফুয়েল স্টেশন বন্ধ পাওয়া যায়। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেক চালককে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরতে দেখা গেছে। পেট্রল না পাওয়ায় চালকদের মধ্যে ক্ষোভও দেখা দেয়।

পিটিআই ফুয়েল স্টেশন কর্তৃপক্ষ জানায়, জ্বালানি তেল সংকটের কারণে সাময়িকভাবে স্টেশন বন্ধ রাখা হয়েছে। কবে সরবরাহ আসবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ইসলাম ফুয়েল স্টেশনের ক্যাশিয়ার সেতাউর রহমান জানান, পেট্রল ও অকটেন শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে সীমিত পরিসরে ডিজেল বিক্রি করা হচ্ছে, সেটিও প্রায় শেষ হয়ে এসেছে।

এদিকে কিছু গ্রাহক এ সংকটকে কৃত্রিম বলে অভিযোগ করেছেন। তাদের মতে, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুদ করে বাজারে সংকট তৈরি করছেন।

তবে ফিলিং স্টেশন মালিকদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় অনেক পাম্পে তেল শেষ হয়ে গেছে। এ কারণে তারা বিক্রি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আলিম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, এলাকায় জ্বালানি তেল সংকট আছে জানা ছিল। তবে ফিলিং স্টেশন বন্ধ থাকার বিষয়টি তার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও