এ লক্ষ্যে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ‘যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটি’র একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন ভাড়ার হার সুপারিশ করবে কমিটি।
সভা শেষে বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছেন, সোমবার (আজ) সকালে ভাড়া বৃদ্ধির সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হবে। কত টাকা ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে বিআরটিএর একাধিক সূত্রে জানা গেছে, কিলোমিটারপ্রতি ২২ পয়সা হারে ভাড়া বাড়ানোর সুপারিশ করা হতে পারে।
বিআরটিএর চেয়ারম্যান বণিক বার্তাকে বলেন, ‘সভায় বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত ভাড়ার কোনো হার সুপারিশ করিনি। কমিটি ভাড়া বৃদ্ধির সুপারিশ সোমবার (আজ) সকালে মন্ত্রণালয়ে জমা দেবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ই গ্রহণ করবে এবং আগামীকালই (আজ) প্রজ্ঞাপন জারি হতে পারে।’
বৈঠক সূত্রে জানা গেছে, বাস ভাড়া ৬৫ থেকে ৮০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেন মালিকরা। বর্তমানে দূরপাল্লার রুটের বাসের জন্য সরকার নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা, মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ১ এপ্রিল বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করেছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। জ্বালানি তেলের মূল্য হ্রাসের পর সে সময় বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ৩ পয়সা কমানো হয়।
পদাধিকারবলে যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। গতকালের বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি বণিক বার্তাকে বলেন, ‘আমরা সমিতির পক্ষ থেকে ভাড়ার একটি প্রস্তাবিত হার উপস্থাপন করেছি। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে ভাড়ার একটি নতুন হার কার্যকর হোক। তা না হলে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বর্ধিত হারে ভাড়া আদায় শুরু হতে পারে এবং ভাড়া আদায় নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে।’
বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে কিলোমিটার প্রতি ভাড়া ১ পয়সা হারে বৃদ্ধি পায়, যা ব্যয় বিশ্লেষণ ও মন্ত্রণালয়ের গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হয়। গতকাল থেকে দেশে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন লিটারে ১৮ টাকা, অকটেন লিটারে ২০ টাকা এবং পেট্রলের দাম লিটারে ১৯ টাকা বৃদ্ধি করেছে সরকার।
এদিকে জ্বালানি তেলের দাম ১৫ শতাংশ বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১৫ পয়সা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘নিকট অতীতে তিন দফা জ্বালানি তেলের মূল্য ৩ টাকা হারে কমানোর পরিপ্রেক্ষিতে বাস ভাড়া ৩ পয়সা হারে ভাড়া কমানো হয়েছে, ২ টাকা কমানোর পরিপ্রেক্ষিতে ২ পয়সা হারে ভাড়া কমানো হয়েছে। এবার প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা হারে বৃদ্ধি করা হোক।’
অন্যদিকে বাস-মিনিবাসের মতো লঞ্চের ভাড়া বৃদ্ধিরও দাবি করেছেন নৌ-পরিবহন মালিকরা। এরই মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কাছে ভাড়া বৃদ্ধির একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা। বিআইডব্লিউটিএর কাছে পাঠানো প্রস্তাব অনুযায়ী, প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা বাড়িয়ে ১০০ কিমি পর্যন্ত ৩.৭৭ টাকা ও এর বেশি দূরত্বের জন্য ৩.৩৮ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। এছাড়া সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার কথা বলা হয়েছে। জ্বালানির পাশাপাশি যন্ত্রাংশের দাম বৃদ্ধি ও যাত্রী সংকটের কারণে লঞ্চ খাত টিকিয়ে রাখতে এ সিদ্ধান্ত জরুরি বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ছিদ্দিকুর রহমান পাটোয়ারী।