সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, ফায়ার সা‌র্ভিসের ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় হাসপাতালের রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাসপাতালটির নিচতলায় অক্সিজেন সিলিন্ডার সংরক্ষণাগার এলাকায় আগুন লাগে। অল্প সময়েই ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পাশাপাশি উদ্ধার অভিযান চালিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের পর্যায়ক্রমে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় এবং ভবনে আটকে পড়াদের বের করে আনা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতক্ষীরা স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, দ্রুত পদক্ষেপ নেয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযানে হাসপাতালের সব রোগী ও আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে সাতক্ষীরা সদর থানা পুলিশ এবং ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরাও অংশ নেন। ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও