বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম। রোববার (৩০ নভেম্বর) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদের খতিব দোয়া মাহফিল পরিচালনা করেন। এতে বিএনপিপন্থী শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রায় দুইশ মানুষ অংশ নেয়।
মাহফিলে অংশ নিয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন ও জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, দলমত-নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে, এটা তার বিশেষ অর্জন। এ ঘটনা আমাদের একটা শিক্ষা দেয় যে, কিছু কিছু সময় দল এবং মতের বিভেদ ভুলে এক হতে হয়। আশা করছি, সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক শামসুল আলম বলেন, খালেদা জিয়া জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। আজ জাতীয়তাবাদী শক্তির বাইরেও বিভিন্ন দল মতের মানুষ এক সঙ্গে তার জন্য দোয়া করেছে। জাতির এ ক্রান্তিকালে তার সুস্থ হওয়া খুবই প্রয়োজন। আমি আশা করছি, তিনি ফিরে এসে ফের আমাদের নেতৃত্ব দেবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আজ দেশনেত্রী খালেদা জিয়ার ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ। এর মূল কারণ দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই। এ সার্বভৌমত্বের লড়াইয়ের জন্য তিনি গোটা জাতির জন্য আইকন হয়ে গেছেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন। তার সুস্থতা জরুরি।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, অফিসার সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।