প্রকৃতিতে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে আগের তুলনায় কিছুটা ভালো হয়েছে রাজধানী ঢাকার বাতাসের মান। গত কয়েকদিন ধরেই ঘনবসতির এ শহরের বাতাসের মান ভালোর দিকে রয়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি।
বুধবার (২৫ জুন) সকাল ৯টায় ঢাকার বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৬৮। বায়ুমান সূচক অনুসারে, ঢাকার বাতাসের মান 'মাঝারি' বা 'সহনীয়' পর্যায়ে রয়েছে। এতে দূষিত বায়ুর শহরের তালিকায় ৩১তম স্থানে অবস্থান ছিল ঢাকার। দুদিন আগে যা ছিল যথাক্রমে ২১ এবং ২৬।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, এদিন সকালে ১৮৩ একিউআই স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষস্থান অধিকার করে ছিল কঙ্গোর কিনশাসা।
এরপরই ছিল ইন্দোনেশিয়ার দুই শহর—জাকার্তা ও মেদান। শহরদুটির একিউআই স্কোর যথাক্রমে ১৭৭ ও ১৬৬। শীর্ষ পাঁচের অপর দুই শহর হচ্ছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। দিল্লির স্কোর মেদানের মতোই ১৬৬ এবং লাহোরের ১৬০। শীর্ষ এই পাঁচ শহরের বাতাসই এদিন ‘অস্বাস্থ্যকর’।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।