মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, রাজৈরের টেকেরহাট থেকে একটি কাভার্ড ভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। পথে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন এবং আরো তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধরা মহাসড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের ছয় জেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ।