মির্জা ফখরুল

নারীর নিরাপত্তা নিশ্চিত করা আধুনিক রাষ্ট্রের অন্যতম নির্ধারক

আগামীকাল শনিবার ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি।

একটি আধুনিক রাষ্ট্রের অন্যতম নির্ধারক নারীদের নিরাপত্তা নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আসুন, আমরা নারীদের প্রতি উগ্রতা, বিদ্বেষ এবং অশ্রদ্ধামূলক সব আচরণকে না বলি ও সরকারকে আইনশৃঙ্খলা ব্যবস্থা সুসংহত করার আহবান জানাই।’ আগামীকাল শনিবার ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে শুক্রবার (৭ মার্চ) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি।

পনেরো বছরে হাজার হাজার নারী-পুরুষ গুম-খুন-অত্যাচারের শিকার হয়েছে উল্লেখ করে মহাসচিব বলেন, ‘বিগত বছরগুলোতে অমানবিক সংগ্রাম করেছে ওই পরিবারগুলোর নারীরা। জুলাইতেও আন্দোলনের শুরু এই দেশের নারীদের হাতে। শহীদ হয়েছেন আমাদের সন্তানরা, ছোট শিশুকন্যাও। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, সবাই এই আন্দোলনের শরিক।’

বিএনপির এ শীর্ষ নেতার আশা ব্যক্ত করে বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে নাগরিকদের নিরাপত্তা দেয়াই আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ লক্ষ্য থাকবে। লিঙ্গ, বয়স, পেশা নির্বিশেষে প্রতিটি নাগরিক যেন রাস্তাঘাটে চলাফেরা করতে নিরাপদ বোধ করে এমন বাংলাদেশই আমাদের কাম্য। বাড়ি থেকে রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, অফিসে, সর্বত্র তাদের আত্মসম্মানকে মূল্যায়ন করা উচিত।’

তিনি বলেন, ‘আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। নারীরা আমাদের উন্নয়ন ও অগ্রগতির অংশীদার। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আসুন আমাদের অগ্রগতি দ্রুততর করতে পদক্ষেপ নিই।’

আরও