সিলেটের জাফলংসহ বিভিন্ন এলাকা পরিবেশবান্ধব পর্যটনের আওতায় আনার জন্য মহাপরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ শনিবার (১৪ জুন) জাফলং পরিদর্শন করে উপদেষ্টাদের দল।
পরিদর্শন শেষে সাংবাদিকদের পরিবেশ উপদেষ্টা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের এলাকাগুলোর পরিবেশ রক্ষায় পাথর উত্তোলনের জন্য আর ইজারা দেয়া হবে না। বরং এসব এলাকায় ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পর্যটনের কৌশল নির্ধারণ করা হবে। এ মহাপরিকল্পনায় পাথর উত্তোলনের সঙ্গে জড়িত শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানে অগ্রাধিকার দেয়া হবে।
তিনি জানান, এ পরিকল্পনা বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। তিনি আরো বলেন, অতিরিক্ত পাথর ও বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তাই পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকায় এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ থাকায় এখানে থাকা স্টোন ক্রাশারগুলো সরিয়ে নেয়া হবে। অবৈধভাবে পাথর উত্তোলন আর করা যাবে না বলেও তিনি জানান।
পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ফেরদৌস আনোয়ার।
এর আগে উপদেষ্টা দলটি জলযানে চড়ে জাফলংয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরে তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। জাফলং স্টোন মিউজিয়াম ও হরিপুর রেস্ট হাউজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে কর্মসূচি শেষ করেন তারা।