খুলনায় জুট প্রেস শ্রমিককে গুলি করে হত্যা

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, আজ সকালে কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল। এ সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জলিল। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করতে পারেনি

খুলনা নগরীর দৌলতপুরে আব্দুল জলিল মুন্সী (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে দৌলতপুরের কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল কুলিবাগান এলাকার দিল মুন্সীর ছেলে। তিনি ইস্পাহানি জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, আজ সকালে কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল। এ সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জলিল। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করতে পারেনি।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানতে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্তেরও চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম এম শাকিলুজ্জামান বলেন, নগরের অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিষয় রয়েছে। তবে বেশিরভাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, কয়েকদিন আগে আটটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও