নদীপথ ভরাট

কুমিরা চ্যানেলকে সংকীর্ণ করছে বড় স্থাপনা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পাশে সমুদ্র-তীরবর্তী নৌপথ কুমিরা চ্যানেল। পার্শ্ববর্তী এলাকাটি পণ্য আমদানি কিংবা রফতানির জন্য বিশেষভাবে সুবিধাজনক। দেশের ক্রমবর্ধমান সিলিন্ডার গ্যাসের চাহিদার সঙ্গে সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো এ অঞ্চলে কারখানা স্থাপন করেছে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পাশে সমুদ্র-তীরবর্তী নৌপথ কুমিরা চ্যানেল। পার্শ্ববর্তী এলাকাটি পণ্য আমদানি কিংবা রফতানির জন্য বিশেষভাবে সুবিধাজনক। দেশের ক্রমবর্ধমান সিলিন্ডার গ্যাসের চাহিদার সঙ্গে সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো এ অঞ্চলে কারখানা স্থাপন করেছে। চ্যানেল থেকে নদীর পাড়ের খাল ও নদী-তীরবর্তী ভূমি ব্যবহার করে পাইপলাইনের মাধ্যমে এলপিজি খালাস ও বটলিং প্লান্ট স্থাপন করেছে দেশের বেশকিছু প্রতিষ্ঠান। বেড়িবাঁধের বাইরে প্রায় এক বর্গকিলোমিটার এলাকায় স্থায়ী স্থাপনা নির্মাণ করলেও অনেক ক্ষেত্রেই নেয়া হয়নি সরকারি সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন। এতে সমুদ্রের নৌপথ প্রবাহ পরিবর্তন ও ভরাট হয়ে সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। এছাড়া জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

বাড়বকুণ্ড বাজার থেকে পশ্চিমে নদীর পাড়ের কৃষিজমিভুক্ত এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক এলপিজি প্লান্ট স্থাপন করেছে বিভিন্ন কোম্পানি। এর মধ্যে রয়েছে ইউরো পেট্রো প্রডাক্ট, ইউনিভার্সাল এলপিজি, বিএম এনার্জি বাংলাদেশ ও ইউনি গ্যাস। ওই এলাকায় আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান এলপিজি আমদানি ও বোতলজাতের প্লান্ট স্থাপনে কাজ করছে। সম্প্রতি ওই এলাকায় এলপিজি প্লান্ট স্থাপন করেছে জেএমআই গ্রুপ। মূলত গভীর সমুদ্র থেকে সন্নিকটের এ নৌপথে এলপিজিবাহী নৌযানগুলো এনে পাইপলাইনের মাধ্যমে প্লান্টে স্টোরেজ করা সহজ হওয়ায় বাড়বকুণ্ড ইউনিয়নের নদী-তীরবর্তী স্থানটিতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে দেশের এলপিজি খাতে বিনিয়োগকারী প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো।

জানা গেছে, কোম্পানিগুলো প্লান্ট স্থাপনের পর নদী থেকে এলপিজি নিয়ে আসতে এরই মধ্যে নদীর অভ্যন্তরে পাইপলাইন ও ডলফিন মুরিং স্থাপন করেছে। এসব স্থাপনা তৈরিতে সরকারি সংস্থার অনুমোদনও দেয়া হয়েছে। অধিকাংশ কারখানাই স্থানীয় কৃষিজমিতে স্থাপন করছে কোম্পানিগুলো। তবে কোনো কোনো প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএর আপত্তি উপেক্ষা করেই পাইপলাইনসহ অন্যান্য নির্মাণে নদীর অভ্যন্তরে বাঁধসহ খুঁটি গেড়ে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এতে স্থানীয় জেলেদের মাছ ধরা, পণ্য ও যাত্রী পরিবহনে নৌপথের প্রতিবন্ধকতাও তৈরি হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে মিরসরাই পর্যন্ত দীর্ঘ ৬৬ কিলোমিটারের নদী-তীরবর্তী এলাকায় এক সময় শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। বর্তমানে অধিকাংশ শিপ ব্রেকিং ইয়ার্ড রুগ্ণ হয়ে পড়ায় টিকে আছে মাত্র ৫০-৬০টি। সাম্প্রতিককালে এলপিজিসহ অন্যান্য খাতের বিনিয়োগে পরিত্যক্ত ও বন্ধ হয়ে যাওয়া শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে স্থায়ী স্থাপনা নির্মাণ হচ্ছে। এতে দখল হয়ে যাচ্ছে নদী-তীরবর্তী জমি, যা নৌপথের প্রতিবন্ধকতার জন্য দায়ী বলে মনে করছে বিআইডব্লিউটিএসহ সরকারি একাধিক সংস্থা।

সম্প্রতি সীতাকুণ্ডের সোনাইছড়ি বার আউলিয়া এলাকার খাল দখল করে জেলেদের নৌযান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ড ও সীকো স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড নামে দুটি শিপ ইয়ার্ডের বিপক্ষে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে ওই এলাকার জেলে সম্প্রদায়।

কয়েক বছর আগে জাপানি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চট্টগ্রামে গ্যাস প্লান্ট স্থাপনে বড় বিনিয়োগ করে জেএমআই গ্রুপ। এজন্য সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের কুমিরা চ্যানেলের (সমুদ্র-তীরবর্তী নদীপথ) পাশে গড়ে তোলা হয় প্রতিষ্ঠানটি। নিজস্ব জমি ক্রয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কথা বললেও আদতে বেড়িবাঁধের বাইরে নদী ভরাট করার মাধ্যমে বৃহৎ এ এলপিজি প্লান্ট নির্মাণকাজ শেষ করেছে জেএমআই। মূল ভবন ও কারখানা স্থাপনের পাশাপাশি বাঁধ দিয়ে আরো নদীর ভূমি দখলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোম্পানিটি।

চট্টগ্রাম বন্দরের কাছ থেকে জেটি ও সমুদ্রমুখ ব্যবহারের অনুমোদন নিলেও নদীবন্দর হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছ থেকে অনুমোদন পায়নি প্রতিষ্ঠানটি। বিআইডব্লিউটিএ সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করে নদীর অভ্যন্তরে স্থাপনা নির্মাণের বিষয়ে আপত্তি জানায় এবং অনুমোদন না দিয়ে দ্রুত নির্মাণ করা স্থাপনা সরিয়ে নিতে জেএমআইকে নির্দেশ দেয়। বিআইডব্লিউটিএর নির্দেশনার পরও নির্মাণাধীন স্থাপনা ভেঙে না ফেলে উল্টো দখলকৃত জায়গায় নতুন স্থাপনা নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। বিআইডব্লিউটিও বলছে, নদীর অভ্যন্তরে সরকারি প্রয়োজন ছাড়া কোনো বেসরকারি সংস্থার যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ করা বেআইনি ও পরিবেশবিরুদ্ধ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) নদীর অভ্যন্তরে বেসরকারি প্রতিষ্ঠানকে স্থায়ী স্থাপনা নির্মাণ ও ব্যবহারের অনুমতি দেয়াকে পরিবেশবিরুদ্ধ বলে দাবি করেছে সংস্থাটি। জেএমআইয়ের আবেদনের পর বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা কারখানা এলাকাটি পরিদর্শনে যান এবং ২০২০ সালের ৯ আগস্ট জেএমআইকে নদীর অভ্যন্তরে স্থাপনা নির্মাণকে অবৈধ ও পরিবেশবিরুদ্ধ দাবি করে দ্রুততম সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দেন। দেড় বছর পেরিয়ে যাওয়ার পরও এখনো জেএমআইয়ের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বিআইডব্লিউটিএ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ ও এর সংশোধনী ২০০৫-এর ৫৭ (ক)-এর স্পষ্ট লঙ্ঘন এবং ৬৮-এর (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হলেও দেড় বছর ধরে নদীর তীরভূমি ভরাটের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিআইডব্লিউটিএ কালক্ষেপণ করছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ উপপরিচালক (বন্দর ও পরিবহন) নয়ন শীল কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সার্বিক বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দর কিংবা জেএমআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।

জেএমআইয়ের নদীর তীরভূমি ব্যবহারের আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ২০১৯ সালের ৭ আগস্ট বন্দরের অনুমোদন নেয়ার পর জেএমআই একই বছরের ২ অক্টোবর থেকে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় স্থাপনার ভোগ ও কার্যক্রম শুরু করে। এর মধ্যে ফোরশোর ব্যতীত ভূমি ব্যবহার করছে প্রায় ২৪ একর। এ প্লান্ট ও জেটি দিয়ে বার্ষিক ৬০ হাজার টন এলপিজি আমদানি, আনলোডিং, বোতলজাত, ফিলিং, সংরক্ষণ ও সরবরাহ করবে। এর জন্য ২০১৯ সালের ১১ জুলাই স্থানীয় ইউনিয়ন পরিষদ (৫ নং বাড়বকুণ্ড) থেকে ট্রেড লাইসেন্স নেয় জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক। এছাড়া ২০১৬ সাল থেকে কোম্পানিটি ওই এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছে। এর মধ্যে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ক্রয় করা জমিগুলোর জন্য নামজারি করেছে। কিন্তু নদীর অভ্যন্তরে কীভাবে জমি ক্রয় করেছে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি জেএমআই কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর তথ্য বলছে, নলাডিয়া মৌজার বেড়িবাঁধের পশ্চিম পাশের নৌপথে ফোরশোরের (গেজেট অনুুযায়ী) জমিগুলোতে স্থাপনা নির্মাণ করেছে জেএমআই। অধিকাংশ সময় সামুদ্রিক জোয়ারে তীরবর্তী অংশের পুরোটাই পানিতে ভরা থাকে। ভাটার সময় কুমিরা চ্যানেলের অভ্যন্তরে থাকা তীরভূমি বা ফোরশোরও ভরাট করেছে। যার কারণে ওই এলাকায় বর্তমানে কোনো নৌযান চলাচল করতে পারছে না। জেএমআই সর্বমোট ৭ লাখ ৭১ হাজার বর্গমিটার জায়গা ভরাট করে ব্যবহারের আবেদন করেছে। তবে আবেদনের চেয়েও বেশি জমি দখল করায় জেএমআইয়ের নদীর জমি দখলের পরিমাণ এক বর্গকিলোমিটার ছাড়িয়ে যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক বাড়বকুণ্ড ঘাটের এক ট্রলারের চালক (সেরাং) বণিক বার্তাকে বলেন, এক সময় এ ঘাট দিয়ে দিনে কয়েক দফায় ট্রলার চলাচল করত সন্দ্বীপ পর্যন্ত। কিন্তু বর্তমানে নদীর ভেতরে স্থাপনা নির্মাণের ফলে ধীরে ধীরে ঘাটটির পানি প্রবাহ কমে আসছে। বর্তমানে শুধু জোয়ারের সময় দিনে বা রাতে দুবার ছাড়া দিনের অন্যান্য সময় আর কোনো ট্রলার চলাচল করতে পারে না।

নদী দখল করে গ্যাস প্লান্ট নির্মাণের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জেএমআই গ্রুপের নির্বাহী পরিচালক মো. মহিউদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘আমরা গ্যাস প্লান্ট ও জেটি নির্মাণের জন্য সরকারি সবগুলো সংস্থার কাছ থেকে অনুমোদন নিয়েছি। তাছাড়া নদী-তীরবর্তী এলাকায় নিজস্ব ক্রয় করা জমিতে প্লান্ট স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে নদীমুখ ব্যবহারের জন্য অনুমোদনও নেয়া হয়েছে।’ তবে বেড়িবাঁধের ভেতরে জেএমআই কার কাছ থেকে কীভাবে জমি ক্রয় করে প্লান্ট স্থাপন করেছে এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি জেএমআইয়ের নির্বাহী পরিচালক মো. মহিউদ্দিন।

সরকারি ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল-১৯৯১-এর নালা নদীতে অনুপ্রবেশ সংক্রান্ত আইনের ৩৩৭, ৩৪৬ ও ৩৪৭ ধারা অনুযায়ী নদী-তীরবর্তী ভূমি মালিকের নদীর তলদেশ বা ফোরশোর এলাকার ওপর কোনো অধিকার নেই এবং ফৌজদারি কার্যবিধির আওতায় আইনি ব্যবস্থাযোগ্য।

এ বিষয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বণিক বার্তাকে বলেন, বিষয়টি আমার জানা নেই। বন্দর যদি জেএমআই গ্রুপকে নদীতীর বা পার্শ্ববর্তী ভূমি ব্যবহারের অনুমোদন দিয়ে থাকে, তবে সেটি নিয়মের মধ্যে থেকেই দিয়েছে। এ বিষয়ে তথ্য জেনে বিস্তারিত জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

আরও