মাদারীপুরে নিখোঁজের একদিন পর একটি বিল থেকে রুদ্র দাস নামে এক বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ডাসার উপজেলার খিলগ্রামের ডাইয়ার বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুদ্র দাস (৪৫) ডাসার উপজেলার ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুদ্র দাস দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে সংসার চালিয়ে আসছিলেন। গতকাল শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফিরে আসেননি।
আজ সকাল সাড়ে ৯টার দিকে ডাসারের খিলগ্রামের ডাইয়ার বিলে আব্দুর রাজ্জাক নামে অন্য এক শ্রমিক জমিতে কৃষিকাজ করতে যান। ওই সময় বিলে একটি মরদেহ ভাসতে দেখে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে রুদ্র দাসের মরদেহ উদ্ধার করে।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।