গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) ও বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী (৫)।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিলেন তারা। পরে গাছ থেকে জাম পাড়ার সময় দুই শিশু পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুই শিশুকেই মৃত ঘোষণা করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।