বাংলাদেশে পপি গাছ নিষিদ্ধ। কারণ এর ফলের রস থেকে তৈরি হয় আফিম, যা মাদকদ্রব্য হিসেবে পরিচিত। দেশে পপি ফুলের চাষ আইনত নিষিদ্ধ হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের (প্রথম বিজ্ঞান) বাগানে দেখা মিলেছে এ গাছের। রঙিন ফুলে শোভিত এসব গাছ বাগানের অন্যান্য গাছের আড়ালে বেড়ে উঠছিল। বিষয়টি নজরে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।
গতকাল দুপুরে সরজমিন গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ফুল বাগানের ভেতরে বৃত্তাকার বেশকিছু পপি গাছ। বাগানের অন্য ফুল গাছের আড়ালে বেড়ে উঠছে এ গাছগুলো। বেশির ভাগ গাছেই ফুটেছে লাল ও সাদা রঙের ফুল। কিছু গাছে ফল ধরতেও দেখা গেছে।
জানতে চাইলে বাগানের মালি মকবুল বলেন, ‘আমরা ইচ্ছাকৃতভাবে এগুলো রোপণ করিনি। আগে বাগানে এগুলো রোপণ করা ছিল। সেখানের বীজ থেকেই গাছগুলো জন্মে ছিল।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বণিক বার্তাকে বলেন, ‘আসলে এ সম্পর্কে আমার কোনো জানা তথ্য নেই। তবে যদি ইচ্ছাকৃতভাবে পপি ফুল চাষ করা হয়ে থাকে, আমরা বিষয়টি তদন্ত করে দেখব। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর যদি এটি অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে, তাহলে আমরা সেগুলো উপড়ে ফেলব।’