সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী দক্ষিণ পাড়া এলাকায় বোমাসদৃশ বস্তু নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওই এলাকার কলেজশিক্ষক আবদুল গফুরের (৫৪) বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার সকালে পুলিশ বিষয়টি জানতে পারে। তাৎক্ষণিকভাবে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বস্তুটি বোমা কিনা, তা নিশ্চিত করতে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ১২ সদস্যের একটি দল সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রভাষক গফুর হোসেন জানান, গত রোববার রাতে ওই কলেজশিক্ষকের সেলফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে তাকে বলা হয়, বাড়ির খাবার ঘরের আলমারির নিচে বোমা রাখা আছে। পরে কথা হবে বলে কল কেটে দেয়া হয়। কথা বলার পর তার স্ত্রী আলমারির নিচে একটি কার্টন দেখতে পান। কার্টনটি সরালে নিচে স্কচটেপে মোড়ানো তারযুক্ত বোমাসদৃশ বস্তু দেখা যায়। এতে ওই পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে আজ সোমবার সকালে পুলিশকে বিষয়টি জানান তিনি। এরপর তারা বোমাটি উদ্ধারের জন্য আসেন। তবে কারা এবং কেন এমনটা করেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, বর্তমানে এলাকাটিতে নিরাপত্তা স্বার্থে ঘিরে রাখা হয়েছে। সাধারণ পুলিশের পাশাপাশি এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছিল।