কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির 'অস্বাভাবিক' মৃত্যু হয়েছে। পুলিশ ও কারা কর্তৃপক্ষের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত হাজতির নাম বিদ্যুৎ আলী (২৭)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি প্রায় দুই মাস আগে কুষ্টিয়া জেলা কারাগারে আসেন।
কুষ্টিয়া জেল সুপার শরিফুল আলম জানান, ভোরে কারাগারের বাথরুমে বিদ্যুৎ আলীর অস্বাভাবিক মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনার পূর্ণাঙ্গ কারণ জানতে তদন্ত চলছে। তিনি বলেন, কারাগারের নিরাপত্তা বা তত্ত্বাবধানসংক্রান্ত কোনো বিষয় এ ঘটনায় জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃত্যুর পর মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের পরিবারের এক সদস্য বলেন, এ মৃত্যু আমাদের জন্য বড় ধাক্কা। আমরা চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটিত হোক।