সপরিবারে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ সময় তিনি কেন্দ্র পরিদর্শন শেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সারাদেশে স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ চলছে।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ সকাল ৯টার দিকে প্রবেশ করেন ইসি সানাউল্লাহ। কেন্দ্র পরিদর্শন শেষে সকাল ৯টা ১০ মিনিটে তিনি ভোট দেন।
এ সময় ভোট কেন্দ্রের ভেতরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা লক্ষ করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন,ভোটারদের উপস্থিতিও ছিল স্বাভাবিক।
ইসি সানাউল্লাহ বলেন, ‘সারাদেশে স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ চলছে। যে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেখানে স্থানীয় প্রশাসনই যথযথ ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করছেন। কমিশন পর্যন্ত আসার প্রয়োজন পড়েনি।’
‘টাকা নিয়ে ভোট কেনাবেচা’র অভিযোগ বিষয়ে ইঙ্গিত করে ইসি সানাউল্লাহ বলেন, ‘এসব ঘটনায় অন্যরা সতর্ক হয়েছে। বুঝতে পেরেছে অন্যায় করলে কেউই ছাড় পাবে না। টাকা দিয়ে ভোট কেনা সম্ভব নয়।’