সাধারণত বর্ষাকালে ঢাকার বাতাসে কম দূষিত থাকে। সে কারণেই কয়েকদিন ধরে সহনীয় পর্যায়ে রয়েছে এ শহরের বাতাসের মান। তবে গতকালের তুলনায় আজ মঙ্গলবার দূষণ কিছুটা বেড়েছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকার ১০ম স্থানে রয়েছে ঢাকা। এদিন সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ শহরের বাতাসের মান ছিল ৯০, , যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, এদিন সকালে দূষিত বায়ুর শহরগুলোর তালিকার শীর্ষে আছে ইরাকের বাগদাদ। শহরটির বাতাস আজ ভয়ংকর পর্যায়ের দূষিত। ১১৭১ বায়ুমান নিয়ে বিপর্যয়কর পর্যায়ে রয়েছে দেশটির বায়ুমান। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো—কুয়েতের কুয়েত সিটি, কঙ্গোর কিনশাসা, চিলির সান্তিয়াগো, পাকিস্তানের লাহোর। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ২২১, ১৬৪, ১৫৮ ও ১৫৬।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।