কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজার রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার (১ জুন) বেলা ৩টার দিকে উলিপুর পৌরসভার হায়াৎখাঁ গাবেরতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজার রহমান উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে রমনা থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি উলিপুর স্টেশন ছাড়ার পর হায়াৎখাঁ গাবেরতল এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজার রহমান ঘটনাস্থলেই মারা যান।
মৃতের ছোট ভাই মিজানুর রহমান বলেন, মোস্তাফিজার রহমান তৎকালীন বিডিআরে চাকরি করতেন। ৯ বছর চাকরির পর অবসরে যান তিনি। এরপর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়েছিল। রোববার সকালে প্রেসক্রিপশন হাতে মোস্তাফিজার বাড়ি থেকে বের হন। পরে বিকালে খবর পান, তার ভাই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে থানার ডিউটি অফিসার আলতাব হোসেন বলেন, রমনা থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।