চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের সুপ্তধারা ঝর্ণা থেকে ফেরার পথে আকস্মিক অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটকা পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করে।
এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ১০ জুলাই সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আব্দুল আলম নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ছোট ভাই সাকিব (২২) ও তিন বন্ধু সীতাকুণ্ড ইকোপার্কে ঘুরতে গিয়ে সুপ্তধারা ঝর্ণা থেকে ফেরার পথে পথ হারিয়ে আটকা পড়েছেন। তারা সবাই চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার এএসআই শরিফুল ইসলাম এবং উদ্ধার কার্যক্রমের সমন্বয় করেন ৯৯৯ ফায়ার ডিস্পাচার ফায়ার ফাইটার মো. আলতাফ হোসেন।
এরপর সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল প্রবল বৃষ্টির মধ্যেই প্রায় তিন কিলোমিটার পাহাড়ি ঝিরিপথ পায়ে হেঁটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৮টা ১০ মিনিটে আটকে পড়া চার শিক্ষার্থীকে নিরাপদ স্থানে উদ্ধার করে আনে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডিং অফিসার মোতিরায় লাল ত্রিপুরা উদ্ধার অভিযানের বিষয়টি ৯৯৯-কে নিশ্চিত করেছেন।