চাঁদপুর

ঈদ ও মেলাকে ঘিরে নৌপথে ডাকাত আতঙ্ক

স্থানীয়রা জানান, প্রতি বছরই এ অঞ্চলে ঈদ অথবা লেংটার মেলাকে কেন্দ্র করে বেড়ে যায় ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা। এদিকে এবার দুই উৎসবের কারণে হাজার হাজার যাত্রীর পারাপার হওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁদপুরে ঈদ ও লেংটার মেলাকে কেন্দ্র করে মতলব উত্তর উপজেলার কালীপুর-চরকালীপুর ট্রলারঘাটসহ অন্যান্য ঘাটে ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে।

জানা যায়, এ এলাকায় স্বল্প সময়ের মধ্যেই ঈদুল ফিতর ও শাহ্ সোলাইমান (র.) ওরফে লেংটার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে । এতে মানুষের জনসমাগম ও যাতায়াত ব্যাপকভাবে বেড়ে যাবে। তাই দুটি উৎসব ঘিরে এ আতঙ্ক দেখা দিয়েছে জনমনে।

স্থানীয়রা জানান, প্রতি বছরই এ অঞ্চলে ঈদ অথবা লেংটার মেলাকে কেন্দ্র করে বেড়ে যায় ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা। এদিকে এবার দুই উৎসবের কারণে হাজার হাজার যাত্রীর পারাপার হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মো. আব্দুর রকিব স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন। বিভিন্ন স্পটে বাড়ানো হয়েছে নজরদারি, নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

মূলত মতলব উত্তর- মতলব দক্ষিণ উপজেলার অধিকাংশ মানুষ স্বল্প সময়ে ঢাকা যাতায়াতের জন্য নৌপথে ট্রলার যোগে ধনাগোদা নদী পাড় হয়ে কালীপুর-কালীপুরা যায়। প্রতিদিন এ রুটে শতাধিক যাত্রীবাহী ট্রলারের মাধ্যমে হাজার হাজার যাত্রী পারাপার হয়। ঈদে এ সংখ্যা হয় আরো বেশি। আর মতলবের ওই সীমানাতেই এবার ঈদের সময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে বদরপুর লেংটার মেলা। তাই এই সময়ে নৌপথে ডাকাতির আশঙ্কা করছেন স্থানীয়রা। এ কারণে ধনাগোদা নদীতে প্রশাসনের অতিরিক্ত টহলের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মতলব উত্তর উপজেলার একলাশপুর এলাকার যাত্রী ইকবাল জানান, মতলব উত্তর থেকে ঢাকা যাওয়ার জন্য এই পথে নিয়মিত আসা-যাওয়া করি। গত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়ি ফিরতে রাত হয়ে গেছে। আমাদের ট্রলার যখন মাঝ নদীতে তখন ট্রলারটিকে কেন্দ্র করে দুইদিক থেকে কয়েকটি লেজার লাইট মেরেছিল। আমিসহ ট্রলারে ১১ জন যাত্রী ছিলাম। ওই লেজার মারার পর সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি।

নাম প্রকাশ না করার শর্তে ট্রলারের কয়েকজন চালক জানান, সচরাচর ডাকাতরা দুই দিক থেকে আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র ঠেকিয়ে ভয়-ভীতি দেখিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়। কেউ মালামাল দিতে না চাইলে মারধর করে।

আলী হোসেন নামের এক যাত্রী বলেন, আমি একবার এই পথে বাড়িতে আসার সময় ডাকাতির কবলে পড়েছিলাম। এ কারণে এখন আর রাতে যাতায়াত করি না।

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান জানান, ঈদের আগে এবং পরে প্রত্যেকটি পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ অঞ্চলে লেংটার মেলা ও ঈদ একসঙ্গে হওয়ার কারণে ধনাগোদা নদীতে টহল জোরদারের জন্য সংশ্লিষ্ট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল মতলব উত্তরে সাদুল্যাহপুর এলাকায় শুরু হবে লেংটার মেলা। প্রতিবছর এ মেলায় কয়েক লাখ লোকের সমাগম ঘটে। ভক্তরা দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক ও নৌপথে এখানে আসেন। সড়ক পথে কুমিল্লা দাউদকান্দির শ্রী রায়ের চরের পথ ধরে মতলব উত্তরের লেংটার মেলায় লোকজন আসতে থাকে। শুধু ষাটনল ও বেলতলী ঘাট নয় পাশাপাশি শ্রী রায়ের চরের সড়কসহ বিভিন্ন সড়কগুলোতে ডাকাত আতঙ্কে ভুগছে এলাকার লোকজন।

আরও