গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা। এক পর্যায়ে তারা পাশের একটি সিএনজি পাম্পে আশ্রয় নিলে সেখানেও দ্বিতীয় দফায় হামলা চালানো। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এক নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে, দুপুর ১২টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করেন সওজ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। অভিযানে নেতৃত্ব দেন সওজ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফাকুল হক চৌধুরী। এ সময় ১০-১৫টি দোকান গুঁড়িয়ে দেয়া হয়। এর পরই কর্মকর্তাদের ওপর হামলা করেন দোকানিরা। জীবন বাঁচাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফাকুল হক চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী খ.ম শরিফুল ইসলাম গাড়িতে আশ্রয় নেন।
আসফাকুল হক চৌধুরী জানান, হামলার কারণ জানতে তিনি কাজ করবেন। এছাড়াও অভিযান অব্যাহত থাকবে বলে জানালেও পরে তা বন্ধ করে তারা চলে যান।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, হামলার ঘটনায় তাৎক্ষণিক কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে সড়ক বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।