কুষ্টিয়ায় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ: ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ইউপি চেয়ারম্যান আটক

রোববার (১৫ জুন) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া সদর উপজেলায় এক মুদিপণ্য ব্যবসায়ীকে তার নিজ দোকান থেকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অপহৃত ব্যবসায়ীর নাম মো. জাহাবক্স (৩৮)। তিনি ওই গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে এবং বাড়ির পাশেই ‘প্রান্ত স্টোর’ নামে একটি পাইকারি মুদি দোকান চালাতেন।

জাহাবক্সের স্ত্রী সাথী খাতুন জানান, রাত ১টার দিকে একজন অপরিচিত ব্যক্তি স্যালাইন কেনার কথা বলে তার স্বামীকে ডাকেন। দোকান খুলে বাইরে যাওয়ার পর দীর্ঘ সময়েও জাহাবক্স ফিরে না আসায় ঘরের দরজা খুলতে গিয়ে বুঝতে পারেন, বাইরে থেকে ছিটকিনি লাগানো। পরে চিৎকারে তার শাশুড়ি এসে দরজা খুলে দেন। দোকানে গিয়ে দেখা যায়, তালা খোলা ও ক্যাশবাক্স খালি। দোকানের সামনে একটি বেঞ্চের ওপর আঠা দিয়ে আটকানো খাম থেকে একটি চিঠি উদ্ধার করা হয়। চিঠিতে পাঁচ দিনের মধ্যে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে, অন্যথায় মরদেহ গুম করে দেয়ার হুমকি দেয়া হয়েছে।

অপহৃতের ছেলে প্রান্ত জানান, তার ঘরের দরজাও বাইরে থেকে আটকানো ছিল। বাইরে বেরিয়ে বাবার ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। তিনি জানান, সোমবার দোকানে হালখাতা উপলক্ষে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা ক্যাশবাক্সের নিচে রাখা ছিল, সেসব টাকাও খোয়া গেছে।

এ ঘটনায় সোমবার সকালেই আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপনকে তার বাড়ির সামনে থেকে আটক করে থানায় নেয়া হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা আলী রেজা সিদ্দিক কালুর ভাই।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চিঠির তথ্য যাচাই করে ধারণা করছি, এটি একটি অপহরণ। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ও অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।’

এই প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা ৬টার দিকে ওসি জানান, এখনো অপহৃত ব্যক্তি উদ্ধার হয়নি। আটক ইউপি চেয়ারম্যানও কোনো তথ্য দেয়নি।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, কুষ্টিয়ার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও