কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বলদিপাড়া গ্রামের আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গিয়ে আবু সাইয়েদ ও তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী রাবেয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।