নদী ও খাল দূষণের অভিযোগে গাজীপুরে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার (৩০ জুলাই) এই অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, কিছু কারখানায় তরল বর্জ্য পরিশোধনের কোনো ব্যবস্থা নেই, আবার কিছু কারখানায় ব্যবস্থা থাকলেও তা চালু রাখা হয়নি। ফলে এসব কারখানা সরাসরি পরিবেশে বর্জ্য ফেলছিল, যা নদী ও খালের পানি দূষিত করছে।
বিচ্ছিন্ন করা কারখানাগুলো হলো— লী নভোটেক্স (প্রা.) লিমিটেড, বোর্ডবাজার (বিদ্যুৎ ও গ্যাস); বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, দক্ষিণ খাইলকুর (বিদ্যুৎ); পদ্মা ডেনিম টেকনোলজি, শিলমুন (বিদ্যুৎ ও গ্যাস); গাজী থ্রেড অ্যান্ড এক্সেসরিজ, বিসিক, টঙ্গী (বিদ্যুৎ ও গ্যাস); তাহা ফ্যাশন, নদী বন্দর রোড, টঙ্গী (বিদ্যুৎ); মোহাম্মাদীয়া ইয়ার্ন ট্রেডিং, মিরাশপাড়া, টঙ্গী; সামিট ওয়াশিং, মরকুন, টঙ্গী; ঢাকা ওয়াশ লিমিটেড, বিসিক, টঙ্গী; লাম মিম ফ্যাশন, শিলমুন, টঙ্গী।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মিজানুর রহমান, গবেষণা কর্মকর্তা মকবুল হোসেন ও পরিদর্শক সঞ্জিত বিশ্বাস। অভিযান পরিচালনায় ডেসকো পূর্ব বিদ্যুৎ বিভাগ, গাজীপুর পল্লী বিদ্যুৎ বিভাগ ও তিতাস গ্যাস কোম্পানির সহায়তা নেয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দেশের পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। পরিবেশবিরোধী কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।