ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ ও ২০২৫ সালের বন্যায় এ এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছিল। তখন বাঁধের বিভিন্ন জায়গা ভেঙে মানুষের আবাদি জমি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় এবং অনেক স্থাপনা বিলীন হয়ে যায়

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ সকাল সাড়ে ১০টার দিকে পরশুরামের ঘাটঘর সেতুর পাশে ভেন্যু পরিদর্শন করে তিনি বিভিন্ন নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার এ প্রকল্প উদ্বোধন করবেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটির উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পানিসম্পদ মন্ত্রণালয়ের এ প্রকল্পের ব্যয় প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রীর ফেনী সফরে একাধিক প্রকল্পের মধ্যে এটি অন্যতম এবং তিনি শুরুতেই এ প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ ও ২০২৫ সালের বন্যায় এ এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছিল। তখন বাঁধের বিভিন্ন জায়গা ভেঙে মানুষের আবাদি জমি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় এবং অনেক স্থাপনা বিলীন হয়ে যায়।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটি অনুমোদন দেয়ার পর জরুরি ভিত্তিতে এর কাজ শুরু করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে এলাকার দুই লাখের বেশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের বাপ-দাদার আবাসন ও জমি যাতে আর বিলীন না হয়, সে ব্যবস্থা করা হবে।

ফ্ল্যাশ ফ্লাডের কারণে যাতে এ এলাকায় আচমকা বন্যা না হয়, তা স্থায়ীভাবে দূর করার লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়েও একইভাবে পর্যায়ক্রমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে এলাকার মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা ও বন্যার আতঙ্ক কমবে। কখন আকস্মিক বন্যায় বাড়িঘর, জমি ও স্থাপনা বিলীন হয়ে যায়, সেই উদ্বেগ থেকেও মানুষ সুরক্ষা পাবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আবাদি জমির পাশাপাশি এ এলাকায় মাছ চাষের সুযোগ তৈরি করা হবে। এছাড়া প্রায় ১০ হাজার গাছ লাগানো হবে। এর মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা এবং এলাকার সবুজায়নও হবে।

এসময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী নাহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফায়াত আখতার নূর ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব প্রমুখ।

আরও