রংপুর-৩, ৪ ও ৬ আসন

ভোট পুনর্গণনার দাবিতে ৩ বিএনপি প্রার্থী ও সমর্থকদের বিক্ষোভ, ডিসি অফিস ঘেরাও

রংপুরের তিনটি সংসদীয় আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ ও জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে সংশ্লিষ্ট আসনের বিএনপি প্রার্থী ও তাদের নেতাকর্মীরা।

রংপুরের তিনটি সংসদীয় আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ ও জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে সংশ্লিষ্ট আসনের বিএনপি প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। গতকাল সকালে রংপুর-৩ আসনের বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা ও রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলামের নেতৃত্বে নগরীতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর তারা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে।

তারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করেছেন। ভোট পুনর্গণনার আবেদন জানানো হলে তিনি টালবাহানা করে সময়ক্ষেপণ করছেন। দ্রুত সময়ের মধ্যে ফল পুনর্গণনা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিএনপি নেতাকর্মীরা। এরপর তিন প্রার্থী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের সঙ্গে সাক্ষাৎ করে ভোট পুনর্গণনার দাবি জানান।

রংপুর-৪ আসনে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, ‘প্রশাসনের সহযোগিতায় নগ্ন হস্তক্ষেপ করে আমার ফলাফল ছিনতাই করা হয়েছে। আমি গত দুদিন ধরে হারাগাছ পৌরসভা, পীরগাছা ও কাউনিয়া উপজেলায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। জনগণের দাবি তারা ভোট দিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাননি। ভোট পুনর্গণনায় যে রায় আসবে তা আমরা মাথা পেতে নেব। আমি এনসিপির আখতারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যদি সত্যিই সে জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকে, তবে ভোট পুনর্গণনা করুক। সে জয়ী হলে আমি তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব। প্রশাসন ভোট পুনর্গণনায় কালক্ষেপণ করে টালবাহানা করেছে। নতুন করে ব্যালট পরিবর্তন করা হলে রংপুরে বড় সংকট তৈরি হবে।

রংপুর-৬ আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘আমার ভোটারদের কাছে পোলিং অফিসার গোল সিল সরবরাহ করেছে। এতে করে ধানের শীষের পাঁচ হাজারেরও অধিক ভোট নষ্ট হয়েছে। এছাড়া সন্দেহের কারণে আমার এজেন্ট গণনার দিন দুটি বান্ডিল চেক করে দেখে জামায়াত প্রার্থীর বান্ডিলে ধানের শীষের ভোট ঢুকিয়ে দেয়া হয়েছে। এছাড়া নির্বাচনের আগে ১১৩টি কেন্দ্রের প্রায় অর্ধেক কেন্দ্রে জামায়াতের প্রার্থীর মতো করে প্রিজাইডিং, পোলিং অফিসার নিয়োগ করে আমাদের হারিয়েছে। আমরা মনে করি ভোট পুনর্গণনা হলে ধানের শীষের বিজয় হবে।’

রংপুর-৩ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, ‘প্রশাসনকে ব্যবহার করে জামায়াত প্রার্থী ভোটে কারচুপি করে নির্বাচিত হয়েছে। ফল পুনর্গণনা হলে ধানের শীষের বিজয় হবে বলে আমি মনে করি।’

আরও