কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার
ঘটনার সুষ্ঠু তদন্ত-বিচার, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে খুলনায় বিক্ষোভ
মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ জুলাই) নগরের শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
এতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল
ইসলাম বলেন, মঙ্গলবার বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা নগরের শিববাড়ি মোড়ে কর্মসূচি শেষ
করেছেন। শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ হয়েছে।
তাজুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে এর আগেও শিক্ষার্থীরা
নগরের নতুন রাস্তা মোড়, শিববাড়ি মোড় ও জিরোপয়েন্ট এলাকায় অবরোধ করে কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ৯
দফা দাবিতে মঙ্গলবার শিববাড়ি মোড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা আগেই দিয়েছিলেন খুলনার শিক্ষার্থীরা।
ওই ঘোষণার পর শিববাড়ি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন
করা হয়।
সকাল থেকেই শিববাড়ি মোড় ও এর আশপাশের এলাকায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা
জড়ো হতে শুরু করেন। তবে পুলিশ তাদের সরিয়ে দেয়।
দুপুর পৌনে ১২টার দিকে একটি বড় মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে
আসেন। সেখানে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। পরে তারা ওই মোড়ের চারটি সড়ক অবরোধ করে
বিক্ষোভ করেন।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে কেএমপির চারটি থানায় চারটি নাশকতার
মামলা হয়েছে। এসব মামলার এজাহারে কারো নাম উল্লেখ না থাকলেও আসামি করা হয়েছে ২০০ থেকে
৪০০ জনকে। সোমবার (২৯ জুলাই) পর্যন্ত পুলিশ ১০৭ জনকে গ্রেফতার করেছে।