রাঙ্গামাটিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম পাইশিথোয়াই মারমা (৩৫)। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ওই ব্যক্তির স্ত্রী ও দুই শিশু সন্তান আহত হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া চাইঞোরিবাজারে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটি। এ ঘটনায় পাইশিথোয়াই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাউজান উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানিয়েছে, বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান থেকে ফেরার সময় পাইশিথোয়াইয়ের বাইকে একটি পিকআপ এসে ধাক্কা দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় রাউজানে তার মৃত্যু হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। সেটির চালক আব্দুর রহিম (৩৮) পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও