জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাঙালি জাতির জন্য যুদ্ধ করতে বঙ্গবন্ধুকে সর্বদাই প্রস্তুত রাখতেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা। পাশাপাশি বঙ্গবন্ধু জেলহাজতে গেলে দলীয় কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দিতেন বঙ্গমাতা। সংসারে সন্তানদের মানুষের মতো মানুষ করার পাশাপাশি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতাকে গেরিলাযোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন। গতকাল দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জুম কনফারেন্সের মাধ্যমে সরাসরি এ আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন। মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক প্রমুখ।