চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি কাগজপত্রবিহীন মোটরসাইকেল, কিছু নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান শাহজাদার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনেরও একাধিক অভিযোগ রয়েছে।
তিনি আরো জানান, অভিযানকালে শাহজাদার বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি কাগজপত্রবিহীন মোটরসাইকেল, কিছু নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অবৈধ এসব মালপত্রের বিষয়েও আইনগত ব্যবস্থা নেয়া হবে।