গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস ও প্রাইভেটকারের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের শিবগাতি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বেলা সাড়ে ১২টার দিকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। যাত্রীবাহী বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া বাস ও প্রাইভেটকারের ২০ যাত্রী আহত হয়েছেন।
আহতদের কাশিয়ানী স্বাস্থ্যকেন্দ্র ও গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।