চাঁদপুরের কচুয়ায় মাছের প্রজেক্টে চুরির অভিযোগে গণপিটুনিতে সাকির হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রজেক্ট মালিকসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত সাকির হোসেন উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দোহাটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশে বিকাশের মাছের প্রজেক্টে পানির মোটর চুরির অভিযোগ এনে সাকির হোসেনকে সেখানে আটকে রাখা হয়। একপর্যায়ে প্রায় ৩০ থেকে ৩৫ জন উত্তেজিত হয়ে তাকে মারধর করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাছের প্রজেক্টের মালিক বিকাশসহ দুজনকে আটক করেছে পুলিশ ।
নিহতের পরিবারের দাবি, সাকির হোসেনকে পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার পক্ষ থেকে কচুয়া থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।