বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় এখন তিন নম্বরে অবস্থান করছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুসারে, আজ সকাল ৯টা ১০ মিনিটে রাজধানী ঢাকার বায়ুমান ২১৩। অর্থাৎ, ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাসের ক্যাটাগরিতে অবস্থান করছে রাজধানী শহর।
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সবার উপরের দুটি শহর ভারতের নয়াদিল্লি ও উজবেকিস্তানের তাসখন্দ। শহর দুটির স্কোর যথাক্রমে ২৪৭ ও ২৩২। অর্থাৎ, সবচেয়ে দুষিত বায়ুর তিনটি শহর একই ক্যাটাগরিতে পড়েছে।
পরের তিনটি শহরও ‘খুবই অস্বাস্থ্যকর’ক্যাটাগরিতেই পড়েছে। চার, পাঁচ ও ছয়ে রয়েছে যথাক্রমে কলকাতা, বাগদাদ ও চীনের শহর চেংদু।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।