বরিশালে দোকান ভাড়া নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

বরিশাল নগরীতে দোকান ভাড়া নিয়ে আপন ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে অন্য তিন ভাইয়ের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মো. ফরিদ হোসেন (৪৫)। তিনি ওই এলাকার মৃত এমএ মজিদ খানের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নিহতের আপন ভাই মো. শাহে আলম খান, মফিজুল ইসলাম খান নান্নু ও তার ছেলে সিয়াম খান।

নিহতের আরেক ভাই জিয়াউর রহমান খান বলেন, আমরা ১০ ভাই, তিন বোন। এদের মধ্যে মো. ফরিদ হোসেন খান বাড়ির সামনে থাকা কাতার থাই অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেটর নামে দোকানটি ভাড়া দিতেন। সম্প্রতি দোকানের ভাড়া নিয়ে ভাইদের মধ্যে বিরোধ বাধিয়ে দেন ওই স্টলের ভাড়াটিয়া ও স্থানীয় বাসিন্দা কাজাজ। গতকাল কাজাজের কাছে দোকানের ভাড়া আনতে যান ফরিদ হোসেন। এ সময় ভাড়াটিয়া কাজাজের সঙ্গে ফরিদের কথাকাটাকাটি হয়। এ সময় কাজাজ ফরিদের ভাই মো. শাহ আলম খান, মফিজুল ইসলাম খান নান্নু, মজিবর রহমান ও ভাতিজা সিয়ামকে ডেকে নেন। কথা কাটাকাটির এক পর্যায়ে উল্লিখিত ব্যক্তিরা ফরিদ হোসেনের ওপর হামলা করেন। তারা পাইপ ও ইট দিয়ে পিটিয়ে ফরিদকে গুরুতর আহত করেন। বাধা দিতে গেলে তারা আমাকেও মারধর করেন। গুরুতর আহত ফরিদ হোসেনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। দোকান ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাই অভিযুক্ত শাহে আলমকে আটক করা হয়েছে।

আরও