বিশ্ব নৌ খাতের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেন, ‘শুধু সংখ্যা বাড়ানো নয়, বরং প্রশিক্ষণের মান উন্নয়নের মাধ্যমেই আন্তর্জাতিক মানের নাবিক তৈরি সম্ভব।’
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাদারীপুর সদর উপজেলার এওজ এলাকায় অবস্থিত ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট-এ ৯৫ জন নাবিকের প্রশিক্ষণ, সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে
নৌপ্রতিমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্ব নৌ খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত, যা দেশের জন্য গৌরবের বিষয়। এ মান বজায় রাখতে এবং আধুনিক যুগের সঙ্গে সমন্বয় করে চলতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।
তিনি বলেন, `প্রশিক্ষণ নেয়া তরুণরা দেশী-বিদেশী জাহাজে নাবিক হিসেবে চাকরির সুযোগ পাবে। এতে বৈদেশিক রেমিটেন্সসহ বিদেশী জাহাজে দায়িত্ব নিয়ে বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে বয়ে নিয়ে আসবে তারা। এ সময় প্রতিমন্ত্রী তরুণ নাবিকদের উদ্দেশ্যে বলেন, সবুজের বিশালতা যেমন রোমাঞ্চকর তেমন দায়িত্বও অনেক। তোমারা যখন বিদেশি পতাকাবাহী জাহাজে কাজ করবে, তখন ভাববে তোমরা শুধু নাবিক নও, তোমরা বাংলাদেশের এক একজন অ্যাম্বাসেডর।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলীম মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীরা নৌ-প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং ব্যবহারিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। সফলভাবে কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।