বাগেরহাটের মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় এমভি ইশরা মাহমুদ নামের একটি লাইটার জাহাজের তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান, মোংলা বন্দরের হারবাড়িয়া-৬ নম্বর এলাকায় অবস্থানরত এমভি পারস নামক একটি বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে ৯৫০ টন কয়লা বোঝাই করে লাইটারটি। আজ সকালে লাইটার জাহাজটি নোয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় আসলে ডুবোচরে আটকে তলা ফেটে যায় লাইটারটির। এ সময় চালক দ্রুত নৌযানটিকে নদীর তীরে উঠিয়ে দেয়। এতে লাইটারটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়।
লাইটারটির পরিচালক মো. সাকির মুঠোফোনে জানান, ডুবোচরে আটকে যাওয়ার
কারণে নৌযানের কোথাও ফাটল দেখা দিয়েছে। এতে জাহাজে পানি ঢুকতে শুরু করে। এ জন্য নদীর
চরে রেখে লাইটারটি থেকে অন্য একটি বার্জে কয়লা অপসারণ করা হচ্ছে।
মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন,
লাইটার দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ বা নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।