দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায়
বাংলাদেশ পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)
ড. বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়িতে পুলিশের কমান্ডো কোর্সের সন্ত্রাস
বিরোধী ও জিম্মি উদ্ধার অভিযানের মহড়া পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ
মন্তব্য করেন।
আইজিপি বলেন, জনগণের সুরক্ষা নিশ্চিত করা, তাদের
জানমালের নিরাপত্তা বিধান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ কমানো ও গ্রেফতারে বাংলাদেশ
পুলিশ পেশাদারী ভূমিকা রাখছে। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ পুলিশ সদস্যদের দক্ষতা
বাড়াতে অত্যন্ত সহায়ক। পুলিশ সদস্যদের এ মহড়া নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের। পাশাপাশি
এ কোর্সের প্রশিক্ষকগণের দক্ষতাও আন্তর্জাতিক পর্যায়ের বলে উল্লেখ করেন পুলিশ
প্রধান। প্রশিক্ষণের মান উত্তরোত্তর বাড়ানোর লক্ষ্যে আরো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে
সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন তিনি।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং
সেন্টারের ফায়ারিং রেঞ্জ এবং মাল্টিপারপাস শেড উদ্বোধন করেন আইজিপি। এছাড়া ছয়তলা
বিশিষ্ট ব্যারাক ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের
ডিআইজি মো. আনোয়ার হোসেন, খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত
ডিআইজি মো. আওরংগজেব মাহবুবসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে আইজিপি প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি
জেলা পুলিশ লাইনসে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় আইজিপি বলেন, বিগত ৫০ বছরে বিভিন্ন
সেক্টরে আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, শিক্ষার হার বেড়েছে।
দারিদ্র্য থেকে আমরা বের হয়ে এসেছি। এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়িস্থ পুলিশের বিভিন্ন
ইউনিটের অফিসার ও ফোর্সের সদস্যরা।